শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ০২ নং ওয়ার্ড মুথাপাড়া এলাকায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বেকারির ম্যানেজারকে আটক এবং প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটির নেতৃত্ব দেন বড়াইগ্রামের পৌর প্রশাসক ও এসি ল্যান্ড জুবায়ের জাহাঙ্গীর এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান। আইনি প্রক্রিয়া শেষে আটককৃত ম্যানেজারকে বনপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী দল বেকারিতে বেশ কিছু গুরুতর অনিয়ম দেখতে পান। যার মধ্যে রয়েছে:
১.নোংরা ও চরম অস্বাস্থ্যকর পরিবেশ
২.ঝুঁকিপূর্ণ কাজে শিশু শ্রমের ব্যবহার
৩.লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা
৪.বিএসটিআই (BSTI) অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার
৫.পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকা
৬.কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা ও সেফটি গার্ড না থাকা
৭.অপরিকল্পিত বর্জ্য নিষ্কাশনের মাধ্যমে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
অভিযান শেষে পৌর প্রশাসক ও এসি ল্যান্ড জুবায়ের জাহাঙ্গীর বলেন, “নিরাপদ খাদ্য নাগরিকদের মৌলিক অধিকার। খাদ্যদ্রব্য নিয়ে অনিয়ম সুস্থ মানুষের কাজ হতে পারে না। এই ধরনের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”
ভোক্তা-অধিকার সংরক্ষণ কর্মকর্তা সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান জানান, “ভোক্তা অধিকার নিশ্চিত করতে আমরা নিরলস কাজ করছি। তবে প্রতারণা এড়াতে নাগরিকদেরও সচেতন হতে হবে। আমাদের এই অভিযান নিয়মিত চলবে।” জনস্বার্থে পরিচালিত এই যৌথ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।