বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

শিশুদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, বেঁধে দেওয়া হলো সময়

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে কিশোর-কিশোরীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শিশুদের জন্য ক্ষতিকর ও আসক্তিকরভাবে সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনার অভিযোগে দায়ের করা মামলার নিষ্পত্তির অংশ হিসেবে মেটা প্ল্যাটফর্মস আগামী ১০ বছরে সর্বোচ্চ ১৮ বিলিয়ন ডলার পরিশোধ করবে।

প্রায় সব অঙ্গরাজ্যের সঙ্গে হওয়া এই সমঝোতার আওতায় নতুন কিছু নিয়ম মেনে চলতে হবে প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটিকে।

নতুন চুক্তি অনুযায়ী, আগামী ১০ বছর যুক্তরাষ্ট্রের কিশোর-কিশোরীরা ফেসবুক ও ইনস্টাগ্রাম দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা ব্যবহার করতে পারবে। এছাড়া অভিভাবকের অনুমতি ছাড়া রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত এসব প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ থাকবে না।

স্কুল চলাকালে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বেশিরভাগ পুশ নোটিফিকেশন বন্ধ রাখবে মেটা। বয়সসীমা নির্ধারিত কনটেন্টে শিশুদের প্রবেশ ঠেকাতে নিরাপত্তাব্যবস্থাও আরও জোরদার করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার ঘোষিত এই সমঝোতার মাধ্যমে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে তোলা এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যবহারকারীদের বিভ্রান্ত করার অভিযোগে মেটার বিরুদ্ধে করা একটি বড় ফেডারেল মামলার নিষ্পত্তি হয়েছে। তবে চুক্তির অংশ হিসেবে কোনো ধরনের অন্যায় স্বীকার করেনি মেটা।

চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের ৪৭টি অঙ্গরাজ্য অন্তর্ভুক্ত রয়েছে। কয়েকটি অঙ্গরাজ্য জানিয়েছে, মেটার কাছ থেকে পাওয়া অর্থের একটি অংশ শিশুদের মানসিক স্বাস্থ্যসেবায় ব্যয় করার পরিকল্পনা রয়েছে।

তবে এই চুক্তিতে ব্যক্তিগত কনটেন্ট বা টার্গেটেড বিজ্ঞাপন বন্ধের কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। এ কারণে সমালোচকদের মতে, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে আরও গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রয়োজন।

মামলায় অভিযোগ করা হয়েছিল, মেটা জেনেশুনে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে তুলছে এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে। বিভিন্ন অঙ্গরাজ্য, স্কুল ও ব্যক্তির করা এ ধরনের আরও অসংখ্য মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

মেটা এক বিবৃতিতে জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ ও ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবক ও কিশোর—উভয়ের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ তৈরিতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়েছে।

এদিকে, ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্ট গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তিতেও মেটাকে আরও ৪৫৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে।

সূত্র: সামা টিভি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: