সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
মোঃ আবদুল আজিজ, স্টাফ রিপোর্টার : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপপ্রশাসনিক কর্মকর্তা গোবিন্দ কান্তি দাস এর সঞ্চালনায় এবং সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান এমপির। তবে জাতীয় সংসদের অধিবেশন কার্যক্রমে উপস্থিত থাকায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি বলে জানা গেছে।
পরে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন। এ সময় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান তাঁর বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সাম্য, দ্রোহ ও অসাম্প্রদায়িক চেতনার কবি হিসেবে উল্লেখ করেন। তিনি নজরুলের বিভিন্ন কালজয়ী সাহিত্যকর্মের উদ্ধৃতি দিয়ে কবির জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ ফয়জুর রহমান, উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহে আলম এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মোবারক।
এছাড়া অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক আবদুল আজিজ, সাংবাদিক ফখরুল মোস্তফাসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।