সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের টুমচর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে স্থানীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার কার্যালয় থেকে তিনি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মোক্তার হোসেন। ছাত্রদলের রাজনীতির মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পর বর্তমানে তিনি টুমচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রের দাবি, আওয়ামী লীগবিরোধী বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মোক্তার হোসেন সক্রিয় ভূমিকা পালন করেছেন। পাশাপাশি বিগত জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তিনি মাঠপর্যায়ে কাজ করেছেন।
এছাড়া টুমচর ইউনিয়নে বিএনপির সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সময় সহযোগিতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন বলে জানান তার অনুসারীরা।
মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে মোক্তার হোসেন বলেন, আমি বিএনপির মনোনয়ন পেলে টুমচর ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করবো। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের পাশে থাকার চেষ্টা করবো।
তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন পেলে টুমচর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।
চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মোক্তার হোসেন বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ইউনিয়নবাসীর জন্য কাজ করতে চান।