শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
ইরানে যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে বিশ্বাস করার মতো ভিত্তি পেয়েছে জাতিসংঘ আগামী ৬ জুনের আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হবে: ইসি বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম খালেদের ৮ উইকেট, ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে কেন্টের বড় জয় হুথিদের নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চেয়েছে সৌদি আরব ডাকসুতে জিন্নাহ-মালেকের ছবি টাঙানোর প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তোলার আহ্বান যুক্তফ্রন্টের অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে পর্তুগাল-ওয়েলস একযোগে ৯৯ বিচারককে বদলি সম্পর্ক টিকিয়ে রাখতে বিনিয়োগ করতে হয়: বর্ষা মৌলভীবাজারে হত্যা মামলায় দুই সহোদরের মৃত্যুদণ্ড

ডাকসুতে জিন্নাহ-মালেকের ছবি টাঙানোর প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তোলার আহ্বান যুক্তফ্রন্টের

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মোহাম্মদ আলী জিন্নাহ ও আ. মালেকের ছবি টাঙানোর ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। সংগঠনটির নেতৃবৃন্দ এ ঘটনাকে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি অবমাননা হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর সিপিবি কার্যালয়ে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এসব কথা বলা হয়। কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, আরসিএলবির সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, বাসদ (মাহবুব)-এর সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভূঁইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক রজত হুদা, সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সিপিবির রাগিব আহসান মুন্না, বাসদের নিখিল দাস, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ এবং বাসদ (মাহবুব)-এর মহিউদ্দিন চৌধুরী লিটন।

সভায় নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন, স্বাধীনতা ও জাতীয় ঐতিহ্যের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ড চলছে। তাদের দাবি, গণঅভ্যুত্থানের পর বিভিন্ন মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনা, স্মারক ও ভাস্কর্য ক্ষতিগ্রস্ত ও ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা পরিবর্তনের দাবিও তোলা হয়েছিল বলে তারা উল্লেখ করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মৃতিস্তম্ভ ভাঙার চেষ্টা এবং তাঁর গ্রাফিতিতে কালি লেপনের ঘটনাও ঘটেছে।

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহ ও আ. মালেকের ছবি টাঙানোর প্রসঙ্গে তারা বলেন, মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪৮ সালের ১১ মার্চ উর্দুকে রাষ্ট্রভাষা করার পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং আ. মালেক মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানপন্থী ইসলামী ছাত্রসংঘের সঙ্গে যুক্ত ছিলেন—এমন ঐতিহাসিক প্রেক্ষাপটে তাঁদের ছবি প্রদর্শন মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি অবমাননাকর।
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। গত দুই বছরে ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও স্মারকগুলো সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ এবং এসব ভাঙচুরের ঘটনায় তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা।

সভায় হাম ও ডেঙ্গুতে মানুষের মৃত্যুর ঘটনায় সরকারের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। ডেঙ্গুর উৎপত্তিস্থল ধ্বংসের পাশাপাশি বিভিন্ন বস্তি ও ঘনবসতিপূর্ণ এলাকায় বিনামূল্যে দ্রুত ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করার দাবি জানানো হয়।

এ ছাড়া র‌্যাব বিলুপ্ত না করে শুধু নাম পরিবর্তনের মাধ্যমে পুরোনো কাঠামো বহাল রাখারও সমালোচনা করেন নেতৃবৃন্দ। সরকারের ৪৪টি কলকারখানা বেসরকারি মালিকানায় হস্তান্তরের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে তারা ব্যাংকিং খাতের দুর্নীতি, অর্থপাচার ও খেলাপি ঋণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা এবং ঋণখেলাপি ও অর্থপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকার ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি আহ্বান জানান তারা।

ঘোষিত কর্মসূচি
সভায় তিনটি কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে ২৪ সেপ্টেম্বর হাম ও ডেঙ্গুতে মানুষের মৃত্যু এবং তা প্রতিরোধে সরকারি ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
২৯ সেপ্টেম্বর ব্যাংকিং খাতে দুর্নীতি, অর্থপাচার ও খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ এবং গভর্নর বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
এ ছাড়া ১৪ অক্টোবর স্থানীয় সরকার নির্বাচনের নীতিমালার কথিত গণবিরোধী ধারাসমূহ বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ এবং প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: