শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শাহ মনসুর আলী নোমান, লন্ডন : বিশ্ব ঐতিহ্যের অংশ এবং লন্ডনের অন্যতম ঐতিহাসিক স্থাপনা টাওয়ার অব লন্ডন পরিদর্শন করেছেন ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব স্কটল্যান্ডের (UWS) লন্ডন ক্যাম্পাসের বাংলাদেশি শিক্ষার্থীরা। স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ—ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব স্কটল্যান্ড, লন্ডন ক্যাম্পাসের উদ্যোগে বুধবার (৩০ সেপ্টেম্বর) এ শিক্ষামূলক পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার থেকে এ কার্যক্রম শুরু হয়। পরে শিক্ষার্থীরা টাওয়ার অব লন্ডনে পৌঁছে ঐতিহাসিক স্থাপনাটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ব্রিটিশ রাজকীয় ঐতিহ্য, স্থাপত্য ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানার সুযোগ পান।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা টাওয়ার অব লন্ডনের ইতিহাস ও স্থাপত্যের পাশাপাশি বিশ্ব ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কেও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। ইতিহাসকে বইয়ের পাতা থেকে বাস্তব স্থাপনার সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।
স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ—ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব স্কটল্যান্ড, লন্ডন ক্যাম্পাসের সভাপতি আব্দুর রহিম বলেন, ঐতিহাসিক স্থাপনা সরাসরি পরিদর্শনের মাধ্যমে ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ আরও গভীর হয়। প্রবাসে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন ব্রিটিশ ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নিজেদের সাংস্কৃতিক পরিচয় ধারণ ও বিকশিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।
এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সহকারী অধ্যাপক এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের (SOAS) এমডিএস-এর শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল হান্নান এবং ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান।
তাঁদের অংশগ্রহণে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষার সমন্বয়ে দিনব্যাপী এ আয়োজন বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে নতুন অভিজ্ঞতা ও উৎসাহের সঞ্চার করে।