রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো

নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধিত অনলাইন গণমাধ্যম মালিকদের সংগঠন ‘অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ওনাব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল মজুমদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ নুরুল হুদা রনো।

শনিবার (৩ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ওনাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় আগের অ্যাডহক কমিটি বিলুপ্ত করে নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন—সিনিয়র সহসভাপতি আলিমুজ্জামান হারুন, সহসভাপতি লতিফুল বারী হামিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল কবির আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সজীব এবং কোষাধ্যক্ষ অয়ন আহমেদ।

সাধারণ সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন শাহীন চৌধুরী, তৌহিদুল ইসলাম মিন্টু, দেলোয়ার হোসেন, রফিকুল বাসার, মাহবুবা ইসলাম কাকলী এবং সৈয়দ আরিফুজ্জামান।

সংগঠনের আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহীন চৌধুরীর সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে ওনাবের সদস্য ও বিডিনিউজ২৪-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে ওনাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সদস্যরা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। সভায় অনলাইন নিউজপোর্টালগুলোর প্রতি বছর নতুন করে নিবন্ধন নবায়নের বিদ্যমান নিয়ম বাতিল এবং নিবন্ধিত অনলাইন গণমাধ্যমকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনার দাবি জানান গণমাধ্যম মালিকরা।

দাবিগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং তথ্য সচিবের সঙ্গে দ্রুত বৈঠক আয়োজনের প্রস্তাবও সভায় গৃহীত হয়।

সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন এজেন্ডা ও সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য দেন শাহীন চৌধুরী, সৈয়দ নুরুল হুদা রনো, শাহিনুর ইসলাম চৌধুরী, মহসিন হোসেন, অয়ন আহমেদ, মোস্তাকিম সরকার, দেলোয়ার হোসেন এবং সৈয়দ আরিফুজ্জামান।

সভা শেষে অনলাইন গণমাধ্যমে বস্তুনিষ্ঠতা বজায় রাখা এবং সংগঠনের ভবিষ্যৎ করণীয় তুলে ধরে সমাপনী বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি মোস্তফা কামাল মজুমদার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: