মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :: কুমিল্লার চৌদ্দগ্রামে শত বছরের পুরোনো গণকবরস্থানে যাতায়াতের সরকারি খাস জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে আতর ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের মধ্যমপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উনকোট বাজারের দক্ষিণ পাশে গণকবরস্থানে যাতায়াতের জন্য নির্ধারিত প্রায় ৩৫ শতক সরকারি খাস জমিতে শনিবার শ্রমিক দিয়ে ঘর নির্মাণের কাজ শুরু করেন আতর ইসলাম। বিষয়টি জানতে পেরে রোববার সকালে গ্রামবাসী নির্মাণকাজ বন্ধ করে দেন।
স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল সর্দারসহ গ্রামবাসীর দাবি, প্রায় ৩৫০ ফুট দীর্ঘ ও ২২ ফুট প্রশস্ত ওই সরকারি জমি দিয়ে গণকবরস্থানে যাওয়ার রাস্তা নির্মাণ করা প্রয়োজন। সেখানে ঘর নির্মাণ করা হলে কবরস্থানে যাতায়াতের পথ বন্ধ হয়ে যাবে।
অভিযোগের বিষয়ে আবদুল বারীক বলেন, উত্তর পাশে তাঁর নিজস্ব জমি রয়েছে। ওই জমি ছেড়ে দিলে তিনি দক্ষিণ পাশের জমি দেবেন। তবে এলাকাবাসীর দাবি, উত্তর পাশের জমি দিয়ে গণকবরস্থানে যাতায়াতের উপযুক্ত পথ নেই।
শুভপুর ইউনিয়নের তহসিলদার মাঈন উদ্দিন জানান, সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আবদুল বারীক ও তাঁর পরিবারের সদস্যদের সরকারি জমিতে স্থাপনা নির্মাণ না করতে বলা হয়েছে। সরকারি ও বেসরকারি সার্ভেয়ার দিয়ে সীমানা নির্ধারণ করে সরকারি জমি বাদ দিয়ে নিজস্ব জায়গায় স্থাপনা নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী বলেন, সরকারি খাস জমিতে কেউ স্থাপনা নির্মাণ করতে পারেন না। বিষয়টি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় তহসিলদারকে নির্দেশ দেওয়া হয়েছে।