বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৩২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২২ হাজার টাকাসহ মা-মেয়েকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় অভিযুক্ত মেয়েটির বাবা জহিরুল ইসলাম (৪৬) পলাতক রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত লক্ষ্মীপুর সদর উপজেলার ২ নম্বর দক্ষিণ হামছাদি ইউনিয়নের গংগাপুর গ্রামের কমর উদ্দীন জমাদার বাড়িতে জহিরুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জহিরুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম (৪০) ও মেয়ে মুক্তা মনি (১৯)। জহিরুল ইসলাম একই মামলার অভিযুক্ত হলেও তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে ১ হাজার ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২২ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আদনান আরিফ রিফাত বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।