বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা ও দাপ্তরিক কার্যক্রম। ৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালটি উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ছয় লাখ মানুষের চিকিৎসাসেবার একমাত্র সরকারি ভরসা। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে দুর্ঘটনায় আহতদেরও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এখানে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। জুনিয়র কনসালটেন্টের ১১টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৫ জন। সিনিয়র স্টাফ নার্সের ৩০টি পদের মধ্যে কর্মরত ২১ জন। সবচেয়ে বেশি সংকট স্বাস্থ্য সহকারী পদে। ৮৪টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৩৫ জন। অর্থাৎ ৪৯টি পদই শূন্য।
এ ছাড়া মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট, অফিস সহকারী, আয়া, বাবুর্চি, নিরাপত্তাকর্মী, ওয়ার্ড বয় ও পরিচ্ছন্নতাকর্মীর পদেও রয়েছে জনবল ঘাটতি। ক্যাশিয়ার, স্টোরকিপার, পরিসংখ্যানবিদ, ফার্মাসিস্ট, টিকিট ক্লার্কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
জনবল সংকটের কারণে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, রোগীদের পরিচর্যা, ওষুধ বিতরণ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্য সহকারীর অভাবে মাঠপর্যায়ে টিকাদানসহ বিভিন্ন জনস্বাস্থ্য কার্যক্রম পরিচালনাও কঠিন হয়ে পড়েছে। এতে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানান, শূন্য পদ পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। প্রয়োজনীয় জনবল নিয়োগ ও পদায়ন না হওয়ায় সংকটের সমাধান হচ্ছে না। হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ও মাঠপর্যায়ের স্বাস্থ্য কার্যক্রম সচল রাখতে দ্রুত শূন্য পদগুলোতে জনবল নিয়োগ জরুরি।