রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
কোমরে লুকানো ছিল ১১ কোটি ৬৭ লাখ টাকার ‘স্বর্ণের পেস্ট’, শাহজালালে আটক ৩ মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, সেন্টকম বলছে মিথ্যা দেশের বাজারে আরও কমল সোনার দাম ইকবালের ছক্কায় রোমাঞ্চকর জয়, আফগানদের হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ গণভোট, জুলাই সনদ ও সংস্কার ছাড়া ঐক্য অর্থবহ হবে না: ড. শফিকুল ইসলাম এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম সোনার পুরোনো অলংকার বিক্রি করলে এখন আগের চেয়ে বেশি টাকা পাওয়া যাবে রেকর্ড ১৮ কোটি টাকা পাওয়া গেছে পাগলা মসজিদের দানবাক্সে টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি কালিয়াকৈর শিল্পঅঞ্চলে নিরাপত্তা জোরদার, কারখানার গেটে বিজেবি ও শ্রমিক নেতাদের অবস্থান

কোমরে লুকানো ছিল ১১ কোটি ৬৭ লাখ টাকার ‘স্বর্ণের পেস্ট’, শাহজালালে আটক ৩

নিউজ ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে সাত কেজি ওজনের স্বর্ণের পেস্টসহ তিন ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। জব্দ করা ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টের মোট ওজন সাত হাজার ৫০০ গ্রাম বা প্রায় ৬৪৩ ভরি। ২৪ ক্যারেট মানের এই স্বর্ণের বাজারমূল্য প্রায় ১১ কোটি ৬৭ লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিমানবন্দরের আগমনী ক্যানোপি এলাকা থেকে এই চোরাকারবারীদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন মুন্সীগঞ্জের মো. ইয়াছিন আরাফাত সৌরভ, নোয়াখালীর মো. জাকিরুল ইসলাম জুয়েল এবং কুমিল্লার মো. শাওন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তিরা পালানোর চেষ্টা করেছিলেন। পরে তাঁদের দ্রুত আটক করে এপিবিএন কার্যালয়ে নিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ইয়াছিন আরাফাত সৌরভের কোমরে বিশেষ কায়দায় পেঁচানো অবস্থায় কমলা রঙের কাপড়ে মোড়ানো ডিম্বাকৃতির বস্তুগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা বস্তুগুলো স্বর্ণের পেস্ট কি না, তা নিশ্চিত করতে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ইয়াছিন আরাফাত নিয়মিত সৌদি আরবে যাতায়াত করতেন। মূলত সেখান থেকেই অভিনব কৌশলে পেস্ট আকারে স্বর্ণের চালান দেশে আনতেন তিনি। এরপর জাকিরুল ইসলাম ও মোসহ শাওনসহ স্থানীয় সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন ধরে তারা এই অবৈধ চোরাচালান পরিচালনা করে আসছিলেন।

এপিবিএনের কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ জানান, বেশ কিছুদিন ধরেই একটি চক্রের পেস্ট আকারে স্বর্ণ চোরাচালানের বিষয়ে গোয়েন্দা নজরদারি রাখা হয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই সফল অভিযান পরিচালনা করা হয়। এই চোরাচালান চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা উদঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাধ ও চোরাচালান দমনে বিমানবন্দর এলাকায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

উদ্ধারকৃত স্বর্ণের পেস্ট আটকের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক তদন্তে তাঁদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধের প্রমাণ পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: