শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

শিরোনাম
প্রাণী ও শৈবালের সংমিশ্রণে তৈরি নতুন কোষ, নাম প্ল্যানিমাল জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকতে পারে না: সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকতায় আসতে হলে সুনির্দিষ্ট প্রশিক্ষণ নেওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি আদেশ অন্য দেশে যাচ্ছে—এটি ‘পরিকল্পিত অপপ্রচার’: রিজভী এইচপিভি টিকায় কমবে কিশোরীদের জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে: ত্রাণমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ যে রোগে মনে হয় আপনার হাতটি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে

প্রাণী ও শৈবালের সংমিশ্রণে তৈরি নতুন কোষ, নাম প্ল্যানিমাল

নিউজ ডেস্ক: জাপানের একদল গবেষক সম্প্রতি প্রাণীর কোষ ও এককোষী লাল শৈবালের জিনগত উপাদান একত্রিত করে এক অদ্ভুত সংকর কোষ তৈরি করেছেন। উদ্ভিদ ও প্রাণীর ইংরেজি নাম থেকে এই নতুন কোষের নামকরণ করা হয়েছে প্ল্যানিমাল। গবেষকদের মতে, এটি নতুন কোনো জীব নয়, বরং পরীক্ষাগারে তৈরি এমন একটি কোষ যেখানে প্রাণীর জিনোমের পাশাপাশি শৈবালের প্রায় পুরো ডিএনএ সফলভাবে স্থান পেয়েছে এবং নিয়মিত বিভাজিত হচ্ছে।

টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাচিহিরো মাতসুনাগার নেতৃত্বে পরিচালিত এই গবেষণার বিস্তারিত সম্প্রতি নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণায় বিজ্ঞানীরা এককোষী লাল শৈবাল এবং হ্যামস্টার থেকে সংগৃহীত স্তন্যপায়ী কোষ একসঙ্গে মিশিয়ে দেন। পলিইথিলিন গ্লাইকল নামের একটি রাসায়নিকের সহায়তায় কোষ দুটির বাইরের আবরণ একীভূত করা হয়, যার ফলে শৈবালের জিনগত উপাদান সহজেই প্রাণীর কোষের ভেতরে প্রবেশ করতে পারে।

পরীক্ষায় দেখা গেছে, শৈবালের ডিএনএ কেবল প্রাণীর কোষের ভেতরে প্রবেশই করেনি, বরং কোষ বিভাজনের মাধ্যমে তা পরবর্তী প্রজন্মেও ছড়িয়ে পড়েছে। এভাবে হ্যামস্টার কোষের বংশধররা প্রায় ১৫৫ প্রজন্ম পর্যন্ত বিভাজিত হয়েছে এবং শৈবালের ডিএনএর বড় একটি অংশ দীর্ঘ সময় ধরে কোষে টিকে রয়েছে। বিশেষ এপিজেনেটিক প্রক্রিয়ার মাধ্যমে শৈবালের জিনগুলো নিষ্ক্রিয় থাকায় প্রাণীর কোষ সেগুলোকে ধ্বংস করতে পারেনি, যা জিন স্থানান্তরের ক্ষেত্রে এক নতুন দ্বার উন্মোচন করেছে।

বিজ্ঞানীদের এই সাফল্যের ফলে ভবিষ্যতে প্রাণীর কোষে উদ্ভিদের সালোকসংশ্লেষণের ক্ষমতা যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে গবেষকরা স্পষ্ট করেছেন যে প্ল্যানিমাল কোষ এখনই সূর্যের আলো থেকে খাবার তৈরি করতে পারে না। তা সত্ত্বেও খাদ্য উৎপাদন, প্রতিকূল পরিবেশে টিকে থাকা এবং মহাকাশ গবেষণার মতো ক্ষেত্রগুলোতে এই আবিষ্কার ভবিষ্যতে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: