শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনাম
৬০ হাজার কোটি টাকার প্রণোদনা মূল্যস্ফীতি কমাবে: গভর্নর আমবয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী নিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআই-নির্ভর: শিক্ষামন্ত্রী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে: আইজিপি রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে: টেকসই উন্নয়ন ও বাসযোগ্য নগরী নিয়ে সংলাপ ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র করবে বারাকা–ইনফ্রাকো

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন ভালুকা মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির

অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা রক্ষা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির টানা দ্বিতীয়বারের মতো “জেলার শ্রেষ্ঠ ওসি” নির্বাচিত হয়েছেন।

(১৪ আগস্ট) সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার কাজী আখতার উল আলম ওসি হুমায়ুন কবিরের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এর আগে, গত ১৪ জুলাই অনুষ্ঠিত জুন মাসের মাসিক কল্যাণ সভায়ও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। টানা দুই মাস এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করায় জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনেরা তাঁকে অভিনন্দন জানান।

মাত্র তিন মাসের দায়িত্বকালেই ভালুকার আইনশৃঙ্খলায় দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হন ওসি হুমায়ুন কবির। তাঁর নেতৃত্বে গ্রেফতার করা হয়েছে ২০০-এর বেশি অপরাধী যাদের মধ্যে ছিল হত্যা মামলার আসামি, ধর্ষণ মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারি, গরু চোর, ছিনতাইকারী, মহাসড়কনির্ভর ডাকাত, চাঁদাবাজ ও প্রতারক। বিশেষ করে আলোচিত তোফাজ্জল হত্যা মামলার আসামিদের গ্রেফতার করে তিনি জনমনে আস্থা তৈরি করেছেন।

শুধু আইন প্রয়োগ নয়, বরং মানবিক আচরণ, নাগরিক সেবা এবং সর্বস্তরের মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে ওসি হুমায়ুন কবির ভালুকাবাসীর কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। ব্যবসায়ী, শিক্ষক, তরুণ ও প্রবীণ সবাই তাঁর কর্মদক্ষতা ও সততার প্রশংসা করছেন।

এক অবসরপ্রাপ্ত শিক্ষক বলেন, “ভালো মানুষ হওয়াটাই যেন আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অথচ আমাদের ভালুকা থানার ওসি হুমায়ুন কবির দিন-রাত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

পুরস্কার গ্রহণ শেষে ওসি হুমায়ুন কবির বলেন, “এই সম্মান কেবল আমার নয়, এটি ভালুকা থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের আস্থা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে আমরা অপরাধ দমনে আরও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”

জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার, জেলার বিভিন্ন থানার ওসি, উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: