শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ার পাবনার পাড় গ্রামে ২২ ফুট প্রস্থের এক খালে ৭৪ ফুট আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগ দিয়েছে।

ব্রিজ নির্মাণ অনিয়ম
অভিযোগে বলা হয়েছে, ব্রিজের পাইল তৈরিতে নিম্নমানের পাথর, কম সিমেন্ট, অর্ধেক পরিমাণ রিং ব্যবহার করা হচ্ছে। পাইলের অর্ধেক অংশ মাটিতে পুঁতে বাকি অংশের রড কেটে বিক্রি করে দিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সৌরভ ট্রেডার্স।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, “গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত)” প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে মান্দ্রা খেয়াঘাট–বাপার্ড জাঠিয়া সড়কের ৬০৫০ মিটার চেইনেজে ব্রিজটি নির্মাণের কাজ দেওয়া হয়। ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭৫ লক্ষ টাকা।
স্থানীয় কলেজ ছাত্র রকিবুল ইসলাম জানান, “অনিয়মের কথা বললে ঠিকাদারের লোকজন ভয় দেখায়, বলে মামলা করে দেবে।” এলাকাবাসীর অভিযোগ, উপজেলা প্রকৌশল অফিসের কিছু কর্মকর্তা ঠিকাদারের সঙ্গে যোগসাজশে দুর্নীতি করছেন।
সরেজমিনে দেখা গেছে, পাইল গাড়ার কাজ চলছে। প্রায় সব পাইলেই মাটির উপরে থাকা অংশ কেটে রড খুলে নেওয়া হচ্ছে। শ্রমিকরা স্বীকার করেছেন, তারা রড বের করার কাজই করছেন।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. মুরসালিন সৌরভের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে মন্তব্য করেন।
স্থানীয়রা আরও বলেন, ছোট এই খালে ৩০–৪০ লাখ টাকার একটি কালভার্ট দিলেই যথেষ্ট হতো। সেখানে কোটি টাকার গার্ডার ব্রিজ নির্মাণ অযৌক্তিক এবং জনস্বার্থবিরোধী।
উপজেলা প্রকৌশলী শফিউল আজম বলেন, “রড কেটে নেওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক জানান, “অভিযোগটি তদন্তের জন্য উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী এহসানুল হক বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হবে।”
এদিকে কাজের ধীরগতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। পাবনার পাড় গ্রামের বাসিন্দা মামুন শেখ বলেন, “গত বছরের ১৬ অক্টোবর কাজ শুরু হলেও এক বছর পেরিয়ে এখনো ১০ ভাগ কাজ শেষ হয়নি ।