বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শেখ ফরিদ আহমেদ গোপালগঞ্জ থেকে:
গোপালগঞ্জে জাতীয় সংগীতের মধ্য দিয়ে ও অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় ‘দৈনিক প্রথম আলো পত্রিকার’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ। অনুষ্ঠানে বক্তারা সংবাদপত্রের স্বাধীনতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
0১ ডিসেম্বর বিকেল 0৩ টায় গোপালগঞ্জ পৌর মিলনায়তনে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ। অনুষ্ঠানে নিজের বক্তব্যে সাজ্জাদ শরীফ বলেন, “সব সরকারের আমলেই প্রথম আলো নানামুখী চাপের মধ্যে ছিল। কিন্তু শত বাধা-বিপত্তি ও চাপের মুখেও প্রথম আলো বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে সর্বদা আপোষহীন ছিল এবং আগামীতেও থাকবে।” তিনি পাঠকদের আস্থাই প্রথম আলোর মূল শক্তি বলে উল্লেখ করেন।
প্রথম আলোর গোপালগঞ্জ প্রতিনিধি নতুন শেখ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হোসেন উদ্দিন শেখর প্রক্টর আরিফুজ্জামান রাজীব এবং জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি মনোনীত গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. কে এম বাবর, অনির্বাণ স্কুলের অধ্যক্ষ ও বিশিষ্ট কমিউনিস্ট নেতা বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, গোপালগঞ্জ সরকারি কলেজের প্রফেসর হাবিবুর রহমান, অধ্যাপক গোলাম মোস্তফা এবং গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেনিন।
গোপালগঞ্জের সাংবাদিক সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন দৈনিক বর্তমান গোপালগঞ্জ-এর সম্পাদক শেখ মোস্তফা জামান, যুগান্তর-এর জেলা প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক সবুজ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মো. সাইফুর রশিদ চৌধুরী এবং যমুনা টিভির প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্না।
অনুষ্ঠানে বক্তারা প্রথম আলোর ২৭ বছরের পথচলার ভূয়সী প্রশংসা করেন এবং সমাজ পরিবর্তনে পত্রিকাটির ভূমিকার কথা তুলে ধরেন। এসময় গোপালগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।