বাঙলার জাগরণ
- শনিবার ৬ ডিসেম্বর, ২০২৫ / ৮৫ বার পঠিত

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রতন জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার গজারিয়া উপজেলার ভবেরচরের লক্ষ্মীপুরে তাঁর নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাম্প্রতিক বিভিন্ন অভিযোগের জবাব দেন।
সংবাদ সম্মেলনে রতন জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত সুপারিশে মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন প্রক্রিয়ায় এক টাকাও লেনদেন হয়নি উল্লেখ করে তিনি দাবি করেন, “বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—দলীয় মনোনয়ন কোনো টাকার বিনিময়ে দেন না। এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা।”
তিনি আরও বলেন, মনোনয়নকে কেন্দ্র করে যেসব ব্যক্তি অভিযোগ তুলে বিক্ষোভ করছেন এবং জনভোগান্তি সৃষ্টি করছেন, তাদের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব অবগত আছে। “এই অপপ্রচারকারীদের বিষয়ে জবাবদিহিতা নিশ্চিতে কেন্দ্রীয় দলই ব্যবস্থা নেবে,”—যোগ করেন রতন।
সংবাদ সম্মেলনে স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা রতনের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা দেন।