শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

বাংলাদেশ বাদ পড়লে বিশ্বকাপে জায়গা পেতে পারে স্কটল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের ভেন্যু বদলের বিতর্ক শেষের দিকে। তবে শেষটা বাংলাদেশের পক্ষে নাও যেতে পারে। দলকে ভারতে পাঠাতে রাজি হয়নি বিসিবি। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার ঘটনার পরই এই অবস্থান নেয় বোর্ড।

তারা চায়, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া হোক।

এ নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দফায় দফায় আলোচনা হলেও ইএসপিএনক্রিকইনফো বলছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ২১ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি যদি ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তেই অনড় থাকে, তাহলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গা বর্তমান র‌্যাংকিং অনুযায়ী স্কটল্যান্ড পেতে পারে।

ভেন্যু পরিবর্তনের দাবির পেছনে বিসিবি খেলোয়াড়দের নিরাপত্তা ও সুরক্ষার কথা বললেও আইসিসির নিরাপত্তা মূল্যায়নে বলা হয়েছে, ভারতে বাংলাদেশের দলের জন্য নির্দিষ্ট বা বাড়তি কোনো হুমকি নেই। তারা বলছে ঝুঁকি ‘লো টু মডারেট’ পর্যায়ে।

এছাড়া বিসিবি আরেকটি বিকল্প প্রস্তাবও দিয়েছিল। গ্রুপ পর্বে নিজেদের জায়গা আয়ারল্যান্ডের সঙ্গে অদলবদল করে শ্রীলঙ্কায় সব ম্যাচ খেলার সুযোগ। তবে রিপোর্ট অনুযায়ী, আইসিসি সেই প্রস্তাবও মানেনি। আয়ারল্যান্ডও এভাবে খেলতে নারাজ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: