শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

প্রিমিয়ার লিগের জন্য সুখবর—চ্যাম্পিয়ন্স লিগে খেলবে অন্তত ৫ দল

ইউরোপিয়ান ফুটবলে আবারও দারুণ সাফল্য দেখাল ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ। টানা দ্বিতীয় মৌসুমের মতো এবারও ইউরোপিয়ান পারফরম্যান্স স্পট (ইপিএস) নিশ্চিত করায় আগামী মৌসুমে অন্তত পাঁচটি ইংলিশ ক্লাব খেলবে চ্যাম্পিয়ন্স লিগে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এই অতিরিক্ত জায়গা নিশ্চিত হয়, যখন আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্পোর্টিংকে ১-০ গোলে হারায়। উয়েফা তিনটি ইউরোপিয়ান প্রতিযোগিতায় সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে শীর্ষ দুই লিগকে অতিরিক্ত একটি করে জায়গা দেয়। সেই তালিকায় ইংল্যান্ড অনেকটা এগিয়েই ছিল।

এই মৌসুমে প্রিমিয়ার লিগের সব ৯টি দলই শেষ ষোলোতে উঠেছিল, যা তাদের পয়েন্ট সংগ্রহে বড় ভূমিকা রাখে। যদিও কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে মাত্র পাঁচটি দল, তবুও আগের ধাপের পারফরম্যান্সই ইংল্যান্ডকে শীর্ষে রেখেছে।

এর ফলে এখন প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে থাকা দলও সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে। বর্তমানে লিগে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে লিভারপুল। তবে তাদের নিচে থাকা দলগুলোর মধ্যে পয়েন্ট ব্যবধান খুবই কম, ফলে শেষ পর্যন্ত লড়াই জমে উঠবে।

অন্যদিকে, দ্বিতীয় অতিরিক্ত জায়গার দৌড়ে এগিয়ে রয়েছে স্পেনের লা লিগা। যদিও জার্মানির লিগ বুন্দেসলিগা এখনও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।

আরও একটি সম্ভাবনা রয়েছে—যদি অ্যাস্টন ভিলা ইউরোপা লিগ জিতে শীর্ষ চারে না থাকে, তাহলে ইংল্যান্ড থেকে ছয়টি দল চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারে। একইভাবে অন্য ক্লাবগুলোর ফলাফলের ওপর নির্ভর করে এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: