সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

নুন থেকে চুন খসলে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ বানানোর নব্য কারিগর রুস্তম আলী

নিজস্ব প্রতিবেদক, মো. রফিকুল ইসলাম (রাফি) : ঢাকার মিরপুর এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয়দানকারী এস এম রুস্তম আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, দখলচেষ্টা, সন্ত্রাসী কার্যকলাপ এবং সাধারণ মানুষকে মিথ্যা তথ্যের ভিত্তিতে ‘আওয়ামী লীগ’ বা ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি, এস এম রুস্তম আলী নিজেকে ঢাকা মহানগর উত্তর মিরপুর থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মে জড়িত রয়েছেন। এছাড়া টাকার বিনিময়ে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করার অভিযোগও তোলা হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, মিরপুর থানার ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রিতুল আহমেদকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ সংক্রান্ত একটি নিয়োগপত্র অভিযোগকারীদের হাতে রয়েছে বলেও দাবি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ১৬ মে ২০২৬ কল্যাণপুর নতুন বাজার দেশ সময় সুপার মার্কেটে নাসিমা আজাদের একটি দোকানের তালা ভেঙে জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হলে পরে মার্কেট কমিটি ও পুলিশের সহযোগিতায় দোকানটি দখলমুক্ত হয়।

এ ঘটনার প্রতিবাদে একই দিন মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ২৩ মে ২০২৬ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে নাসিমা আজাদ অভিযোগগুলোর বিস্তারিত তুলে ধরেন।

এছাড়া, গত ১৩ জুন ২০২৬ কল্যাণপুর গার্লস স্কুল অডিটোরিয়ামে থানা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে নাজমা আক্তার ভূঁইয়ার স্বামীকে ভুয়া ছবি ও সম্পাদিত (ফেক) ভিডিও দেখিয়ে আওয়ামী লীগের কর্মী হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, ওই সময় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কাছে তাকে আটক ও মামলার আওতায় আনার জন্য চাপ সৃষ্টি করা হয়।

তবে অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত অবস্থায় জানান, প্রদর্শিত ছবি ও ভিডিওর ব্যক্তির সঙ্গে অভিযুক্ত ব্যক্তির মিল পাওয়া যায়নি এবং যাচাই-বাছাই ছাড়া এ ধরনের অভিযোগ না করার পরামর্শ দেন।

পরবর্তীতে ১৪ জুন ২০২৬ নাজমা আক্তার ভূঁইয়া মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৭৮১/২৬) করেন। জিডিতে তিনি অভিযোগ করেন, তার স্বামীকে মিথ্যা ছবি ও ফেক ভিডিওর মাধ্যমে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।

জিডিতে আরও উল্লেখ করা হয়, সামান্য বিরোধ বা মতবিরোধ হলেই রুস্তম আলী ও তার সহযোগীরা মানুষকে ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ’ আখ্যা দিয়ে জনরোষ সৃষ্টি এবং পুলিশি হয়রানির চেষ্টা করেন। অভিযোগকারী এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে এস এম রুস্তম আলীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে মিরপুর মডেল থানার এসআই মো. শাহজালাল মিয়া বলেন, “বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: