শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে মেসির অবসর ঘোষণার পর ফুটবল বিশ্ব যেন শোকে মুহ্যমান হয়ে পড়েছে। এরই মধ্যে অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা। এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্প্যানিশ তারকা মার্কোস লরিয়েন্তে।
৩১ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আবেগঘন বার্তায় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, অনেক ভেবেচিন্তেই স্পেনের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন লরিয়েন্তে।
বয়স এখনো ৩১, পারফরম্যান্স ধরে রাখতে পারলে আরও কয়েক বছর জাতীয় দলের হয়ে খেলার সুযোগও ছিল। তবে ব্যক্তিগত এই সিদ্ধান্তের সঙ্গে বিশ্বকাপে তার খেলা বা স্পেনের শিরোপা জয়ের কোনো সম্পর্ক নেই বলে পরিষ্কার করেছেন তিনি।
বিদায়ী বার্তায় লরিয়েন্তে লিখেছেন, আমি জানি, আপনাদের অনেকেই এটা বুঝতে পারবেন না। সত্যি বলতে বাইরে থেকে দেখলে হয়তো আমিও এটা বুঝতে পারতাম না। কিন্তু এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, অনেক ভেবেচিন্তে এবং গভীর অনুভূতি থেকেই নেওয়া। বিশ্বকাপে যেতাম কি না কিংবা আমরা বিশ্বকাপ জিততাম কি না, সেটি বিবেচ্য ছিল না। কারণ, এরই মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।
গত ১৯ জুলাই নিউ জার্সিতে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জেতে স্পেন। ২০১০ সালের পর এটি তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। ফাইনালে লরিয়েন্তে মাঠে নামতে পারেননি, তবে পুরো আসরেই ছিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য।
টুর্নামেন্টে স্পেনের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন লরিয়েন্তে। উরুগুয়ের বিপক্ষে দলের জয়ে একটি অ্যাসিস্টও করেন তিনি। বিশ্বকাপের ফলাফল কিংবা দলে নিজের অবস্থান—কোনোটিই অবসরের সিদ্ধান্তে প্রভাব ফেলেনি বলে জানিয়েছেন তিনি।
২০২০ সালে স্পেনের জার্সিতে অভিষেক হয় লরিয়েন্তের। এরপর জাতীয় দলের হয়ে খেলেছেন ২৭ ম্যাচ, তবে গোলের দেখা পাননি। ২০২২ কাতার বিশ্বকাপের পর এবার ২০২৬ বিশ্বকাপেও স্পেনের হয়ে খেলেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই বহুমুখী ফুটবলার।
বিদায়বেলায় সতীর্থ, কোচিং স্টাফ, পরিবার ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন লরিয়েন্তে। তবে তার কাছে সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে বিশ্বকাপের শেষ ৫২ দিন।
তিনি বলেন, “এই বছরগুলোর পথচলায় যাদের সঙ্গে আমার দেখা হয়েছে এবং যারা আমার পরিবার ও আমাকে অনন্য ও অবিস্মরণীয় মুহূর্ত উপভোগ করার সুযোগ করে দিয়েছেন, তাদের সবার প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ। তবে সবচেয়ে বেশি মনে রাখব এই শেষ ৫২ দিনকে। অসাধারণ একটি দলের সঙ্গে থেকে স্পেনকে শীর্ষে তোলার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছি আমরা। এটি ছিল আমার দেশের প্রতিনিধিত্ব করা এবং এই ইতিহাসের অংশ হতে পারার জন্য গর্বের।”
বিশ্বকাপ জয়ের পরই জাতীয় দলকে বিদায় জানালেন লরিয়েন্তে। শেষ হলো স্পেনের জার্সিতে তার অধ্যায়। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। ক্লাব ফুটবলে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলবেন আরও।