বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
মোঃ লিটন সিকদার, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য পাঁচ প্রার্থী ঐক্যবদ্ধ হয়ে একজন একক প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে বাগুডাঙ্গা, মূলশ্রী, চর সিংগাতী, চাপাইল ও চর মধুপুর গ্রামের শত শত মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য বহর সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে যাত্রা শুরু করে। পরে পাখিমারা এলাকার তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করা হয়।
চেয়ারম্যান পদে সম্ভাব্য পাঁচ প্রার্থী হলেন—নাদিরা হক জোসনা, সিকদার আহমেদুজ্জামান মিরাজ, মল্লিক কামরুজ্জামান হিটু, খান মফিজুর রহমান মফিজ ও শেখ আরিফুল ইসলাম আরিফ।
প্রার্থীরা জানান, ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতার চেয়ে এলাকার স্বার্থ, সামাজিক সম্প্রীতি ও ঐক্যকে প্রাধান্য দিয়ে আলোচনার মাধ্যমে পাঁচজনের মধ্য থেকে একজনকে একক প্রার্থী হিসেবে মনোনীত করা হবে। বাকি প্রার্থীরা সম্মিলিতভাবে তাঁর পক্ষে কাজ করবেন।
তাঁদের প্রত্যাশা, পাঁচ গ্রামের মানুষের ঐক্যবদ্ধ উদ্যোগ পহরডাঙ্গা ইউনিয়নে সামাজিক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি আগামী নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে একক প্রার্থী কে হবেন, তা পরবর্তী আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।