মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :: খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মাদকমুক্ত ও সুস্থ জীবন গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা।
রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয় সবসময় উৎসবমুখর থাকুক। আর খেলাধুলা হোক সেই উৎসবের অন্যতম মাধ্যম। তবে উৎসবের আনন্দ যেন কোনোভাবেই অসম্মানজনক না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। প্রত্যেক খেলোয়াড়কে খেলোয়াড়সুলভ আচরণ করতে হবে এবং নিয়ম মেনে খেলতে হবে। কারণ সামনের আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার প্রস্তুতি এই আয়োজনের মাধ্যমেই নিতে হবে।
তিনি আরও জানান, প্রতিযোগিতায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
গণিত বিভাগের সভাপতি ও ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মিনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান। এছাড়া পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহাজান, প্রক্টর ড. এস. এম. আহসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপপরিচালক ও ক্রীড়া কমিটির সদস্যসচিব বাবুল মণ্ডল।
ইতিহাস ও অর্থনীতি বিভাগের মধ্যকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা ওঠা এবারের এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট ৩২টি বিভাগীয় দল অংশগ্রহণ করছে।