বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ :: স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মুন্সীগঞ্জের রামপালে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে জলিল জাব্বার দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসা সভাকক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সীগঞ্জ ও রামপাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) যৌথ আয়োজনে ‘গণশুনানি ২০২৬’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুন্সীগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ ফখরুল আলম। রামপাল উপ-স্বাস্থ্যকেন্দ্রের সেবার হালনাগাদ তথ্য তুলে ধরেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমতাজ আক্তার।
গণশুনানিতে সেবার মান, ওষুধের প্রাপ্যতা ও বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন ও মতামত তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক মুন্সীগঞ্জের স্বাস্থ্য উপকমিটির আহ্বায়ক মুহাম্মদ নুরুন্নবী মুন্না। বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মু. বজলুর রহমান। গণশুনানিতে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষসহ শতাধিক সেবাগ্রহীতা অংশ নেন।