মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মদ্যপানের পর অসুস্থ হয়ে মনোতোষ হালদার (৩৮) ও কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৮) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অনিল বাড়ৈ নামে আরও এক যুবক গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পূজার প্যান্ডেলের মালামাল আনতে গিয়ে তাঁরা মদজাতীয় কোনো তরল পান করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। এরপর অসুস্থ হয়ে পড়লে তাঁদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মনোতোষ হালদার এবং রোববার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কৃষ্ণকান্ত বাড়ৈ মারা যান।
নিহত মনোতোষ পেশায় ইজিবাইকচালক ছিলেন। কৃষ্ণকান্ত ও অনিল ডেকোরেটর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। নিহত দুজনেরই স্ত্রী ও দুটি করে কন্যাসন্তান রয়েছে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।