শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় হাইওয়ে পুলিশের বিরুদ্ধে হয়রানি ও মামলা দেওয়ার অভিযোগে শুক্রবার সকাল ১১টার দিকে মহাসড়ক অবরোধ করেন অটোরিকশাচালকরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী, বিশেষ করে নারী ও শিশুরা।
আন্দোলনকারীদের অভিযোগ, হাইওয়ে পুলিশ অটোরিকশা আটক করে ২ হাজার ৬০০ টাকা করে জরিমানা আদায় করে এবং অনেক সময় মামলার রসিদ দেয় না।
খবর পেয়ে কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরিয়ে দেন। এতে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।