বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগরে নকল টাকা তৈরির সময় শ্রাবন হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ২ লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার উদ্ধার করা হয়।
রোববার (১৮ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে একটি একতলা ভবনের কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মজিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় নকল টাকা তৈরির কাজে নিয়োজিত অবস্থায় শ্রাবনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, শ্রাবন নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে নকল টাকা তৈরি করে ঢাকায় পৌঁছে দিতেন। উদ্ধার করা জাল নোটগুলো ২০০ টাকা মূল্যমানের, যার মোট পরিমাণ ২ লাখ টাকা। এ ছাড়া নকল টাকা তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।