শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর সেলফি পরিবহনের রোড পারমিট বাতিলের দাবিতে প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। একই সঙ্গে সাময়িকভাবে সেলফি পরিবহনের চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঘিওর উপজেলার মৌহালী গ্রামের সাহানের ছেলে ইয়াসিন (২২) ও মোজাহারের ছেলে বাবলু (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটুরিয়া থেকে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হন। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আহত ইজিবাইক চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে সেলফি পরিবহনের রোড পারমিট বাতিলের দাবি জানান। তাঁদের অভিযোগ, পরিবহনটির কারণে বারবার দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। পুলিশ সুপার ও জেলা প্রশাসকের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিয়েছেন।
মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, সাময়িকভাবে সেলফি পরিবহনের চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।