শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে দুটি বাসার দরজার তালা ভেঙে চুরির সময় সৈয়দ সবুজ মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় তার এক সহযোগী পালিয়ে গেছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে শমশেরনগর লামাবাজার-সোনাপুর সড়কের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। আটক সবুজ কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গিয়াসনগর এলাকার সৈয়দ জাহাঙ্গীর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসার ভাড়াটিয়া মনির মিয়া ও আসিদ উল্ল্যা পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগে সবুজ ও তার সহযোগী তালা ভেঙে দুটি বাসায় প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এলে একজন পালিয়ে যায়। অন্যজন বাথরুমে লুকিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
বাসার গৃহিণী জোৎস্না বেগম বলেন, চোরেরা দরজা ভেঙে ঘরে ঢুকে আসবাবপত্র তছনছ করে এবং স্বর্ণালংকার ও নগদ টাকা ব্যাগে ভরে নেয়।
পুলিশ জানায়, আটক সবুজের বিরুদ্ধে কুলাউড়া থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।