শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া : মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন করাতকলের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সরেজমিন অনুসন্ধানে কয়েকটি করাতকলের দায়িত্বশীল ব্যক্তিরা বৈধ ও হালনাগাদ পরিচালন লাইসেন্স দেখাতে পারেননি। কোথাও পুরোনো পরিবেশগত ছাড়পত্র, আবার কোথাও মামলার কাগজপত্র দেখানো হয়েছে। আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও করাতকল পরিচালনার অভিযোগ রয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, লোকবল সংকটের কারণে নিয়মিত তদারকিতে সমস্যা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বন বিভাগের দাবি, আদালতের নিষেধাজ্ঞার কারণে অধিকাংশ করাতকল সরেজমিনে পরিদর্শন করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে, অবৈধ করাতকলের তালিকা পেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা জানিয়েছে পিডিবি।
অনুসন্ধানের সময় একটি করাতকলে কাগজপত্র নিয়ে প্রশ্ন করায় পরিস্থিতি উত্তপ্ত হওয়ার অভিযোগ করেছেন সাংবাদিকেরা। স্থানীয়দের দাবি, কুলাউড়ায় কতটি করাতকল রয়েছে এবং কতটির বৈধ অনুমোদন আছে, তা প্রকাশ করে সমন্বিত তদন্তের মাধ্যমে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান থাকছে দ্বিতীয় পর্বে।