বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

শিরোনাম

কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া

মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পালের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি এবং সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সভায় দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস পাল, কুলাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মছব্বির আলী এবং প্রেসক্লাব, কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবনসহ অন্যরা।

বক্তারা বলেন, ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া অগ্নিনিরাপত্তা সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের মহড়ার মাধ্যমে অগ্নিকাণ্ডের সময় করণীয়, নিরাপদে বেরিয়ে আসার কৌশল এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়ে বাস্তব ধারণা পাওয়া যায়।

তারা আরও বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, বজ্রপাত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার করা প্রয়োজন।

বক্তারা প্রতিটি পরিবারকে জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে আগে থেকেই ধারণা রাখার আহ্বান জানান। পাশাপাশি বাড়িঘর ও কর্মস্থল নিরাপদ রাখা, জরুরি যোগাযোগ নম্বর সংরক্ষণ, প্রয়োজনীয় ওষুধ ও শুকনো খাবার প্রস্তুত রাখা, নিরাপদ আশ্রয়স্থল সম্পর্কে জানা এবং সরকারি সতর্কবার্তা অনুসরণের ওপর গুরুত্ব দেন।

আলোচনা সভার আগে উপজেলা পরিষদের সামনে কুলাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে একটি অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। এতে রেলওয়ে জুনিয়র বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। মহড়ার মাধ্যমে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি ও সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: