বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :: গোপালগঞ্জে বহুল আলোচিত ১২ বছর বয়সী শিশু তালহা ইসলাম ওরফে মুহিন হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ শিশু নির্যাতন ও সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. আমিন উদ্দিন ও মো. শিহাব মোল্লা। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শাওন মোল্লা বর্তমানে পলাতক রয়েছেন। আদালত দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া গ্রামের মঞ্জুরুল ইসলামের ১২ বছর বয়সী ছেলে তালহা ইসলাম ওরফে মুহিন মাছ ধরা দেখতে গিয়ে নিখোঁজ হয়। পরদিন ২৩ ফেব্রুয়ারি ভাড়াটিয়া আমিন উদ্দিনের ঘরের ভেতরে থাকা একটি স্টিলের ট্রাঙ্ক থেকে শিশুটির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মরদেহ উদ্ধারের পর নিহত শিশুর বাবা মো. মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিরা কান্নায় ভেঙে পড়েন বলে জানা গেছে। অন্যদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহত শিশু মুহিনের পরিবার। তবে আসামিপক্ষ অসন্তোষ জানিয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এম জুলকদর রহমান।