সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
মানিকগঞ্জ প্রতিনিধি, আকাশ চৌধুরী :: মানিকগঞ্জের শিবালয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. হেলাল উদ্দিন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের ধুতরাবাড়ি এলাকায় বিআইডব্লিউটিএ টোল ঘরের দক্ষিণ পাশের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। এ সময় হেলাল উদ্দিনের দেহ তল্লাশি করে ২০টি নীল পলিথিনের প্যাকেটে রাখা ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হেলাল উদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাইরাখালী গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।