শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
আব্দুল আলিম, বিশেষ প্রতিবেদক, রাজশাহী :: রাজশাহী মহানগরীতে চলন্ত অটোরিকশা থেকে এক নারীর স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোনসহ ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কর্ণহার থানার দর্শনপাড়া এলাকার তিন রাস্তার মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, দুটি মুঠোফোন ও একটি হেলমেট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আরিফুল ইসলাম ওরফে আকাশ (২৩) ও মো. হাসিবুর রহমান (২০)। তাঁদের বাড়ি রাজশাহী মহানগরীর কর্ণহার থানার ঘোষপুকুর ও সুন্দলপুর এলাকায়।
পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এক নারী স্বামীর সঙ্গে অটোরিকশায় করে মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে এয়ারপোর্ট থানার তকিপুর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে সিভিল এভিয়েশন স্কুলের পশ্চিম পাশে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
ব্যাগে এক জোড়া স্বর্ণের বালা, দুটি স্বর্ণের চেন, একটি স্বর্ণের আংটি, একটি ওয়ানপ্লাস ১০আর মুঠোফোন ও নগদ ৬৫ হাজার টাকা ছিল। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এয়ারপোর্ট থানায় দণ্ডবিধির ৩৯২ ধারায় মামলা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমান ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করেন। পরে কর্ণহার থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার দুজনের কাছ থেকে দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত ১৫০ সিসি ডিসকভার মোটরসাইকেল ও একটি হেলমেটও উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে আরিফুল মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং হাসিবুর পেছনে বসে ছিলেন বলে জানা গেছে।
ছিনতাই হওয়া স্বর্ণালংকার, টাকা ও মুঠোফোন উদ্ধারে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করেছে পুলিশ। মামলাটি তদন্তাধীন রয়েছে।