শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সাইফুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি :: বান্দরবান রিজিয়নের উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন ২০২৬-এর আওতায় ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি ইএমই পরিচালিত তিন সপ্তাহব্যাপী যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
১৯ নভেম্বর অনুষ্ঠিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানির ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন আজিজুল হাকিম শাওন।
প্রশিক্ষণে বান্দরবান জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি সম্প্রদায়ের মোট ১৫৬ জন যুবক অংশগ্রহণ করেন। এতে যানবাহনের ইঞ্জিন ও যন্ত্রাংশের কার্যপদ্ধতি, নিয়মিত রক্ষণাবেক্ষণ, ত্রুটি শনাক্তকরণ ও মেরামতের বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের প্রশিক্ষণ যুবসমাজের কারিগরি দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।
স্থানীয় জনগণ পার্বত্য অঞ্চলের যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।