রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
মো. শফিকুল ইসলাম | শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :: মাদারীপুরের শিবচরে অষ্টম শ্রেণির এক ছাত্রীর চালানো মোটরসাইকেলের ধাক্কায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলটি আটক করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী মোটরসাইকেল চালিয়ে শিবচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসে। এ সময় বিদ্যালয়ের গেটের সামনে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে মোটরসাইকেলটির দুর্ঘটনা ঘটে। এতে ওই শিক্ষার্থী আহত হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেল চালানোর সময় ওই ছাত্রী বারবার নিয়ন্ত্রণ হারাচ্ছিল। দুর্ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করেন।
বিদ্যালয়ের আশপাশে অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।
একই সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল তুলে না দেওয়া এবং সন্তানদের নিরাপদ যানবাহন ব্যবহারের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।