রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে না আসা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলটির ঘোষিত ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে দলটির স্থানীয় নেতারা এই ঘোষণা দেন।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকার পৌর মাল্টিপারপাস মার্কেট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং দলীয় স্লোগান দেন।
মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দলটির স্থানীয় নেতারা। এ সময় বক্তারা জানান, কেন্দ্র ঘোষিত ১০ দিনব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় তারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন। বক্তব্যে তারা দাবি করেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরে না আসা পর্যন্ত তাদের এই আন্দোলন ও রাজপথের কর্মসূচি অব্যাহত থাকবে।