শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :: কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতে জ্বলন্ত মশাল নিয়ে মিছিল বের করেন তাঁরা। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলার সড়কগুলো।
মিছিলটি টুঙ্গিপাড়া শেখ রাসেল পৌর শিশুপার্ক থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে গিয়ে শেষ হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী-সমর্থক অংশ নেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং ঘোষিত কর্মসূচির প্রতি সমর্থন জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত ১০ দিনব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় এ মশাল মিছিলের আয়োজন করা হয়। এর মাধ্যমে দলটির নেতাকর্মীরা নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।
এদিকে মশাল মিছিলকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন সড়কে রাজনৈতিক কর্মসূচি পালিত হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা চোখে পড়েনি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অন্যদিকে, গোপালগঞ্জ জেলা শহরে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কমিশনারের নেতৃত্বে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে লঞ্চঘাট এলাকায় পৌঁছায় এবং সেখানে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও স্লোগানে এলাকা উত্তাল করে তোলে। শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেলেও কোনো বাধা ছাড়াই বিক্ষোভ মিছিল ও স্লোগান কর্মসূচি পালিত হয় ।