বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

শিরোনাম
দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষকের কক্ষে তালা গোপালগঞ্জে নির্মানাধীন নারীর বাড়ি গুঁড়িয়ে দিয়ে লুটপাট, ভুক্তভোগী পরিবারে চরম আতঙ্ক কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের বাংলাদেশকে ইসলামি অর্থায়নের আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ার পরামর্শ বিশেষজ্ঞদের নানক–নাছিমদের আগরতলায় অবস্থানের খবর, বিএনপির বিক্ষোভ সাবেক সচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তালিকায় আছেন কারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী তৎপরতা রুখে দিতে হবে: কুমিল্লায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দর মূল্যায়নকারী প্রতিষ্ঠান যুক্ত হবে প্রকল্পে, বিশেষজ্ঞও রাখা হবে ইসরায়েল নিয়ে অবস্থানের কারণে জার্মান রাজনীতিককে বহিষ্কার করল দল দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি গঠনের নির্দেশ

গোপালগঞ্জে নির্মানাধীন নারীর বাড়ি গুঁড়িয়ে দিয়ে লুটপাট, ভুক্তভোগী পরিবারে চরম আতঙ্ক

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :: গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের খাগাইল গ্রামে এক নারীর নির্মানাধীন বাড়ি গুঁড়িয়ে দেওয়া, নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ মূল্যবান নির্মাণসামগ্রী লুটপাট এবং প্রাণনাশের হুমকির ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় ভুক্তভোগী রুনা বেগম বাদী হয়ে ১৯ জনকে নামীয় এবং আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গোপালগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রুনা বেগমের স্বামী বোরহান মোল্লা(মালোয়েশিয়া প্রবাসী) বাড়ি খাগাইল গ্রামে। দীর্ঘদিন ধরে খাগাইল মৌজার আরএস ও এসএ ৩৬ নম্বর দাগের ৬ শতাংশ জমি নিয়ে বাদীর সঙ্গে প্রতিপক্ষের বিরোধ ও শত্রুতা চলে আসছে। অভিযোগ রয়েছে, ওই জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে অভিযুক্তরা আগে থেকেই বাদীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছিলেন এবং তার নির্মানাধীন বাড়ির কাজে বাধা দিচ্ছিলেন। ওই জমির কাছেই বাদীর ভাই রবিউল খানের (৪৫) বাড়ি অবস্থিত।

গত ২৪ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দলবদ্ধভাবে রবিউল খানের বাড়ির সামনে উপস্থিত হন। এ সময় তারা কেচি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে রুনা বেগম ও তার ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপর ভাইয়ের ঘরের ভেতরে থাকা ট্রাঙ্কের তালা ভেঙে নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা লুট করা হয়। পাশাপাশি ১ ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন (আনুমানিক মূল্য ৪ লাখ টাকা), ৮ আনা ওজনের দুই জোড়া স্বর্ণের কানের দুল (মূল্য ২ লাখ টাকা) এবং ১ ভরি ৮ আনা ওজনের এক জোড়া স্বর্ণের রুলি (মূল্য ৩ লাখ টাকা) নিয়ে যান অভিযুক্তরা।

লুটপাটের পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে রুনা বেগমকে ঘরের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সেই সুযোগে অভিযুক্তরা তার নির্মানাধীন বাড়িটি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেন, যাতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। যাওয়ার সময় বাড়ির সামনে রাখা ১ টন রড (মূল্য ৯০ হাজার টাকা) এবং বাড়ির পশ্চিম পাশে টিনের ঘরে রাখা ১০০ বস্তা সিমেন্টও (মূল্য ৬৫ হাজার টাকা) লুট করে নিয়ে যাওয়া হয়।

বাদীর অভিযোগ, ঘটনাটি ঘটিয়ে চিৎকার ও মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। যাওয়ার সময় অভিযুক্তরা হুমকি দিয়ে বলেন, নির্মানাধীন বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়ার পাশাপাশি সবকিছু লুট করে নেওয়া হয়েছে; আইনশৃঙ্খলা বাহিনীর আশ্রয় নিলে কিংবা কোনো ব্যবস্থা নিলে বাদী ও তার পরিবারের সদস্যদের খুন করে লাশ গুম করা হবে। এর আগে প্রতিপক্ষের গতিবিধি আন্দাজ করে নিরাপত্তাহীনতায় গত ১৭ নভেম্বর গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন রুনা বেগম।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত পক্ষ এলাকায় ব্যাপক জনবল ও হিংস্র প্রকৃতির হিসেবে পরিচিত। তাদের ভয়ে ও প্রভাবের কারণে স্থানীয়দের অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এমন ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে এবং ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি ও ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী রুনা বেগম জানান, ঘটনার পর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: