শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
দীর্ঘদিন বন্ধ থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলসমূহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ১ হাজার আসন বিশিষ্ট আরও ২টি হল নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর সঙ্গে শিক্ষক-কর্মকর্তার আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে।
রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ে আসেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এরপর বিকেলে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য। এ বৈঠকে শিক্ষার্থীদের আবাসিক সমস্যা নিরসনে ১০০০ আসন বিশিষ্ট ২টি আবাসিক হল নির্মাণে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে দ্রুত হল নির্মাণের কাজ শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেকশনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তাতে এক হাজার আসন বিশিষ্ট ২টি হলের মধ্যে ছেলেদের জন্য ১টি এবং মেয়েদের জন্য ১টি হল নির্মাণ করা হবে।
বৈঠক সূত্রে জানা যায়, একাডেমিক কার্যক্রম শুরু করার জন্য কয়েকদিনের মধ্যে আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীর তুলনায় আসন সীমিত থাকায় শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে হলের সিট বরাদ্দ দেওয়া হবে। আসন বরাদ্দের পর হলে উঠতে পারবেন শিক্ষার্থীরা। বর্তমানে শাবিপ্রবিতে ছেলেদের জন্য শাহপরান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সৈয়দ মুজতবা আলী হল, মেয়েদের প্রথম ছাত্রী হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল মিলিয়ে মোট ৬টি আবাসিক হল রয়েছে। এতে প্রায় ৩ হাজার আসন রয়েছে।
এদিকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নতুন কর্মস্থলে যোগদান করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। এরআগে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপনে ভিসি, প্রো-ভিসি এবং কোষাধ্যক্ষ নিয়োগের এ আদেশ জারি করা হয়।