সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শিরোনাম

‘আগে গ্রহণযোগ্য সংস্কার পরে নির্বাচন’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকার এসেছে। তাদের আগে রাষ্ট্রের গ্রহণযোগ্য সংস্কার করে নতুন দেশ রূপান্তর করতে হবে। পরে লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে। বিগত সরকার জামায়াতকে চাপিয়ে রাখার চেষ্টা করলেও জামায়াতের অগ্রগতি আগের চেয়ে বেশি হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) ঝালকাঠি জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, শেখ হাসিনা ১৫বছর ধরে যাদেরকে রাজনৈতিকভাবে শত্রু মনে করেছে তাদেরকেই হত্যা করেছে। জামায়াতের পাঁচজন নেতাকে মিথ্যা অভিযোগে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করেছে। তারা হত্যা হয়নি, শহীদ হয়েছেন। এদেশের অসংখ্য মানুষকেই কারাগারে রেখে তিলে তিলে শেষ করেছে। বেশি নির্যাতন করেছে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের প্রতি। কিন্তু জামায়াতে ইসলামী মরে যায়নি। দেশের জনসাধারণ জামায়াতের প্রতি অতিতের সব সময়ের থেকে এবং অন্যান্য দলের চেয়ে বেশি আস্থাশিল। বাংলাদেশে জামায়াতকে কেন্দ্র করে জনসাধারণ বর্তমানে বিকল্প চিন্তা করছে। রাজনীতির পরিবর্তন হলেও টেকসই হয় না। এজন্য আল্লাহ ও রাসুলের পথ ধরে মানুষের পাশে সমাজ সেবামূলক কাজ করতে হবে।

শহরের একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল অঞ্চল টিম সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ও বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস শেখ নেয়ামুল করীম।

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, শূরা সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক,সদর আমির মাওলানা মনিরুজ্জামান, পৌর আমির মাওলানা মনিরুজ্জামান তালুকদার, নলছিটি আমির মাওলানা শামসুল হক, রাজাপুর আমির মাওলানা হেমায়েত উদ্দিন, কাঠালিয়া আমির মাস্টার মজিবুর রহমান।

প্রধান অতিথি ছাত্রদের অবদান স্বীকার করে বলেন, দাবি আদায়ে ছাত্ররা যখন মাঠে নামে তখনও ঠাট্টা, বিদ্রুপ ও কটাক্ষ করে কথা বলে ছাত্রলীগ-পুলিশ লেলিয়ে দিয়ে নির্বিচারে গুলি করে মানুষকে হত্যা করে। হত্যার কবল থেকে শিশুরাও রেহাই পায়নি। তবুও অধিকারের আন্দোলন থেকে ছাত্ররা একচুল পরিমাণও সরে যায়নি। এর কারণেই নেক্কার জনকভাবে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ৪৫মিনিটের আল্টিমেটামে অল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো করে দেশ ছেড়ে পালিয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: