বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অ্যাপল আগামী বছর তাদের আইফোন ১৭ সিরিজে যুক্ত করতে যাচ্ছে আরেকটি সাশ্রয়ী মডেল আইফোন ১৭ই। আন্তর্জাতিক প্রযুক্তি সংবাদমাধ্যমগুলো বলছে, মডেলটি ২০২৬ সালের শুরুর দিকেই, অর্থাৎ ফেব্রুয়ারির দিকেই বাজারে আসতে পারে। গত বছরের আইফোন ১৬ই-এর মতো এটিও তুলনামূলক কম দামের একটি বিকল্প হলেও এবার অ্যাপল ডিজাইন, শক্তি ও অভিজ্ঞতার দিক থেকে পুরো সিরিজের সঙ্গে আরও বেশি সামঞ্জস্য রাখতে চাইছে।
সবচেয়ে বড় পরিবর্তন আসছে প্রসেসরে। আইফোন ১৭ই-তে থাকছে অ্যাপলের নতুন প্রজন্মের এ ১৯ চিপ, যা এআই-নির্ভর কাজ, গেমিং এবং উচ্চমানের ইমেজ প্রসেসিংয়ে দেবে দীর্ঘস্থায়ী ও ধারাবাহিক পারফরম্যান্স। বিশ্লেষকদের মতে, সিপিইউতে মাঝারি উন্নতি থাকলেও জিপিইউ পারফরম্যান্সে দেখা যাবে লক্ষণীয় অগ্রগতি। যা আগের সাশ্রয়ী আইফোনগুলোর সীমাবদ্ধতা অনেকটাই কাটিয়ে উঠবে।
ডিজাইনেও আসতে পারে বড় পরিবর্তন। আইফোন ১৬ই পুরোনো নচ ডিজাইনের কারণে সমালোচনার মুখে পড়েছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখে অ্যাপল এবার ডায়নামিক আইল্যান্ড যুক্ত করার পরিকল্পনা করছে ১৭ই-তে। এতে ডিসপ্লে হবে আরও আধুনিক, নোটিফিকেশনগুলো হবে আরও ইন্টারঅ্যাক্টিভ, আর লাইভ অ্যাক্টিভিটিস দেখা যাবে আগের চেয়ে মসৃণভাবে। ক্যামেরাতেও রয়েছে নতুনত্ব।
বিশ্লেষক জেফ পুয়ের তথ্য অনুযায়ী, আইফোন ১৭ সিরিজে আসছে ১৮ মেগাপিক্সেলের নতুন ফ্রন্ট ক্যামেরা, যাতে থাকবে সেন্টার স্টেজ সাপোর্ট। ভিডিও কল বা সেলফির সময় ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ফ্রেম অ্যাডজাস্ট করে একাধিক মানুষকে ধরে রাখার সুবিধা দেবে, যা কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগারদের জন্য বড় সুবিধা হতে পারে। যদিও দাম এখনো নিশ্চিত নয়, তবে অ্যাপলের আগের ধারা অনুসারে এটি সাশ্রয়ী রেঞ্জেই আসবে বলে ধারণা বিশ্লেষকদের। বর্তমানে বাংলাদেশে আইফোন ১৬ই বিক্রি হচ্ছে প্রায় ৭৫ হাজার টাকায়। তাই নতুন মডেলটিও একই রেঞ্জে বা সামান্য বেশি দামে পাওয়া যেতে পারে বলে আশা প্রযুক্তি বিশ্লেষকদের।