বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ:
দেশের রাজনীতির ইতিহাসে দীর্ঘদিনের সমীকরণ পাল্টে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি আসনেই নিরঙ্কুশ জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এই জেলায় এবার ধানের শীষের প্রার্থীদের জয়জয়কার লক্ষ্য করা গেছে।
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী কাবির মিয়া। সেলিমুজ্জামান সেলিমের এই জয়ে মুকসুদপুর ও কাশিয়ানী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ) আসনেও জয়ের ধারা অব্যাহত রেখেছে বিএনপি। এখানে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন ডা. কে এম বাবর। তিনি খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শুয়াইব ইব্রাহিমকে (রিকশা প্রতীক) পরাজিত করেন। চিকিৎসা পেশার পাশাপাশি জনসেবায় দীর্ঘদিন যুক্ত থাকা ডা. বাবরের এই জয়কে ঐতিহাসিক হিসেবে দেখছেন স্থানীয় ভোটাররা।
এদিকে জেলার সবচেয়ে আলোচিত আসন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) থেকে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও বিশিষ্ট নেতা এস এম জিলানী। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নিরঙ্কুশ জয় নিশ্চিত করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় গোপালগঞ্জের সাধারণ মানুষ জানান, দীর্ঘ সময় পর একটি প্রতিযোগিতামূলক পরিবেশে তাঁরা তাঁদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পেরেছেন। বিএনপির এই অভাবনীয় সাফল্যকে কেন্দ্র করে জেলাজুড়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলটির নেতা-কর্মীরা। ভোটারদের আস্থার প্রতিদান দিতে জেলার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনির্বাচিত তিন সংসদ সদস্য।