রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

আবেগঘন বক্তব্যে চিফ প্রসিকিউটর আমিনুল: ‘পদ নয়, আপনাদের ভালোবাসাই আমার বড় পাওয়া’

হবিগঞ্জ প্রতিনিধি :
“আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদটি একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার। বাড়ি, গাড়ি, সম্মান—সবই আছে। কিন্তু এত সুযোগ-সুবিধার মাঝেও আমার মন পড়ে থাকে আপনাদের কাছে। আমি এসব চাইনি, চেয়েছিলাম আপনাদের ভালোবাসা এবং আপনাদের সঙ্গে থাকতে। আপনাদের ভালোবাসাই আমার বড় পাওয়া।”

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চুনারুঘাট উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় কান্নাজড়িত কণ্ঠে আবেগাপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

নিয়োগ পাওয়ার পর তিনি প্রথমবারের মতো নিজ এলাকা হবিগঞ্জ-৪ (মাধবপুর ও চুনারুঘাট) এলাকায় এসে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তব্যের একপর্যায়ে অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, নিয়োগ পাওয়ার পর গত পাঁচ দিনে আমি পাঁচ ঘণ্টাও ঘুমাতে পারিনি। এই দায়িত্ব অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সততার সঙ্গে এ দায়িত্ব পালন করার তাওফিক দেন। আমি যেন আমার মাননীয় প্রধানমন্ত্রীর মুখ উজ্জ্বল করতে পারি ও এই পদের পবিত্রতা রক্ষা করতে পারি। আল্লাহ যেন আমাকে এ চেয়ারে বসিয়ে আমার দ্বারা কোনো পাপকাজ না করান। দায়িত্ব পালনকালে আল্লাহ যেন আমাকে সম্পূর্ণ সততার সঙ্গে এই চেয়ারের পবিত্রতা রক্ষা করার তাওফিক দেন।

নিজের সাদামাটা জীবনযাপনের ইচ্ছা প্রকাশ করে তিনি আরও বলেন, আমার অর্থকড়ির কোনো প্রয়োজন নেই। আমি গরিব মানুষ, গরিব হিসেবেই আপনাদের মাঝে থাকতে চাই। আল্লাহ যা ভালো মনে করেছেন, সেটিই আমার নসিবে রেখেছেন। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

বক্তব্যের একপর্যায়ে চিফ প্রসিকিউটর কান্নায় ভেঙে পড়লে উপস্থিত নেতাকর্মীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন। এর আগে চুনারুঘাটে পৌঁছালে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জজকোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, অ্যাডভোকেট তানজিলা, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক, সদস্য সচিব লুৎফুর রহমান জালালসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। সভা শেষে তার সাফল্য ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: