বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
স্টাফ করসপন্ডেন্ট নড়াইল : নড়াইলের লোহাগড়ায় ঢাকা-বেনাপোল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সাব্বির গাজী (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শওকত হোসেন (১৯) নামে একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩টার দিকে ঢাকা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া আলামুন্সীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির গাজী যশোর জেলার অভয়নগর থানার দিঘলিয়া গ্রামের বাবুল গাজীর ছেলে ও আহত শওকত হোসেন একই গ্রামের রিপন গাজীর ছেলে।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন সাব্বির ও শওকত নামে দুই যুবক যশোরের অভয়নগর থানার দিঘলিয়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা মধুমতি সেতু দেখতে আসেন। মধুমতি সেতু এলাকা ঘুরে বাড়ি ফেরার পথে বিকেল ৩টার দিকে ঢাকা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া আলামুন্সীর মোড় এলাকায় পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা কালনা অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক সাব্বির ও আরোহী শওকত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত শওকতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহতের খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে নিহতের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।