মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

শিরোনাম
ইরান চুক্তি মার্কিনিদের জন্য লাভজনক: ভ্যান্স লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, আটক ৩ সংস্কৃতি আন্দোলন থেকে টেলিভিশন নাট্য নির্মাণে স্বতন্ত্র পথচলা: নির্মাতা সঞ্জীব দাস সুবর্ণচর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্লাস্টিক কারখানা নিয়ে অনুসন্ধানে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, আটক ৩

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর পূর্বনির্ধারিত একটি সভাকে কেন্দ্র করে সোমবার পূর্ব লন্ডনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন হাসনাত আবদুল্লাহ।

এই সভাকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতা–কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করেন। বিকেল থেকে রেস্তোরাঁর সামনে দুই পক্ষের সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে এনসিপির সমর্থক ও কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

উদ্ভূত পরিস্থিতিতে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পরে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং সেখানে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষেও তিনি পুলিশি নিরাপত্তার মধ্যেই স্থান ত্যাগ করেন।

মায়েদা গ্রিল রেস্টুরেন্টের সামনে বিক্ষোভ ও উত্তেজনার প্রেক্ষাপটে পুলিশ সদস্যদের অন্তত তিনজনকে আটক করতে দেখা গেছে। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন। তাঁকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তুলতে দেখা যায়। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার এলেম পার্কে হাসনাত আবদুল্লাহকে ঘিরে পৃথক একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তাঁর সহযোগীরা পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন ব্যক্তি তাঁদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে হাসনাত আবদুল্লাহ পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম নিক্ষেপ করা হয়।

ভিডিওতে দেখা যায়, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ইহতেশামুল হকের গায়ে ডিম লাগে। পরে তাঁর সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। উপস্থিত লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এই ঘটনার ধারাবাহিকতায় পরে এনসিপির এক সমর্থকের সঙ্গে শাহ শামীমের আরেক দফা উত্তেজনা সৃষ্টি হয়।

এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে দাবি করেছে, সোমবার বিকেলে এলম পার্ক এলাকায় হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হকের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু কর্মী বিশৃঙ্খলা ও উসকানিমূলক আচরণের চেষ্টা করে। এ ঘটনাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে সংগঠনটি বলেছে, আওয়ামী লীগ এখনও ভীতি প্রদর্শন ও অসহিষ্ণুতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।

অভিযোগের বিষয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, হাসনাত আবদুল্লাহর লন্ডন সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগ কোনো কর্মসূচি দেয়নি। তবে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনার প্রতিবাদে যুক্তরাজ্যের ছাত্র ও যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানিয়ে থাকতে পারে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: