বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩

রায়হান রেজা, রাজশাহী : রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ২০২৬ বিকেল সোয়া ৪টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশনায় কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল হড়গ্রাম রাণীদিঘী গ্রামের কোর্ট স্টেশন মোড়ে অভিযান পরিচালনা করে।

অভিযানে দামকুড়া থানার চরমাঝাড় দিয়াড় (খাসমান পাড়া) গ্রামের মৃত আসাদুলের ছেলে মো. শহিদুল ইসলাম লাল্টু (৪২) এবং মৃত সাবদুল ইসলামের ছেলে মো. হারুন (৩৬)কে গ্রেপ্তার করা হয়। এ সময় লাল্টুর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হারুন দীর্ঘদিন ধরে লাল্টুর সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

অপর একটি অভিযানে কাশিয়াডাঙ্গা থানাধীন পূর্ব রায়পাড়া এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ মোছাম্মৎ মর্জিনা বেগম ওরফে আনজিলা বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত পাচু শেখের মেয়ে এবং মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌসের মেয়ে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: