বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

কাশিয়াডাঙ্গা থানা ও কেশবপুর পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযান

জেলা প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী মহানগরীর পশ্চিমাঞ্চলে মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রাখছে কাশিয়াডাঙ্গা থানা ও এর আওতাধীন কেশবপুর পুলিশ ফাঁড়ি। বিশেষ করে মাদকপ্রবণ এলাকা হিসেবে পরিচিত গুড়িপাড়ার পাশে অবস্থিত কেশবপুর পুলিশ ফাঁড়ির সাম্প্রতিক কার্যক্রমে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

কেশবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. আব্দুল লতিফ গত ১৮ মে ২০২৬ তারিখে দায়িত্ব গ্রহণের পর থেকে মাদকবিরোধী অভিযানসহ অপরাধ দমনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদের নির্দেশনায় তার নেতৃত্বে ফাঁড়ির সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত তিন মাসে কাশিয়াডাঙ্গা থানা ও কেশবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ষাটের অধিক মাদক মামলায় শতাধিক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থও উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে একটি অভিযানে ১ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডোল, ৩ কেজি গাঁজা, ৫৩ পিস ইয়াবা, মাদক বিক্রির আনুমানিক সাড়ে ৪ লাখ টাকা এবং ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক মাদকসেবীকে জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি অন্যান্য অপরাধ দমনে তৎপরতা বৃদ্ধি পাওয়ায় কাশিয়াডাঙ্গা থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়েছে। বিশেষ করে গত মাসে থানায় মাদকসংক্রান্ত মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পুলিশের ভাষ্য, মাদকবিরোধী অভিযান জোরদার করার কারণেই এসব মামলা ও গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় মাদকপ্রবণ হিসেবে পরিচিত এসব এলাকায় মাদক ব্যবসা ও সেবনকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধ সংঘটিত হতো। সাম্প্রতিক সময়ে পুলিশের নিয়মিত অভিযান ও তৎপরতার কারণে পরিস্থিতির কিছুটা পরিবর্তন এসেছে বলে তারা মনে করছেন।

সংশ্লিষ্টরা বলছেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, পাশাপাশি পরিবার, সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকসেবীদের পুনর্বাসন ও সচেতনতা কার্যক্রমও জোরদার করা জরুরি।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো নেতিবাচক কর্মকাণ্ড বা অনিয়মের খবর গণমাধ্যমে যেভাবে গুরুত্বের সঙ্গে প্রচার পায়, তাদের ইতিবাচক কর্মকাণ্ড ও অপরাধ দমনে সাফল্য অনেক সময় একইভাবে আলোচনায় আসে না। কাশিয়াডাঙ্গা থানা ও কেশবপুর পুলিশ ফাঁড়ির সাম্প্রতিক মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বিষয়টিও সেই ইতিবাচক কার্যক্রমের একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: