শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
ঝোড়ো বাতাসের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রায় চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকলেও শনিবার সকাল ৭টা থেকে ফেরি চালু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, শুক্রবার মধ্যরাত ৩টার পর পদ্মা নদীতে প্রচণ্ড ঝোড়ো বাতাস শুরু হয়। সঙ্গে হালকা বৃষ্টি হওয়ায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ রাত সোয়া ৩টা থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পার হতে আসা গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়। দৌলতদিয়া প্রান্তে তিনটি ঘাটের মধ্যে গত বুধবার বাস দুর্ঘটনার কারণে ৩ নম্বর ঘাট বন্ধ থাকায় কেবল ৪ ও ৭ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফলে মাত্র দুটি ঘাট ব্যবহার করায় ঈদ পরবর্তী সময়ে পারাপারে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছিল।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক জেসানুল ইসলাম বলেন, প্রচণ্ড ঝোড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে দুর্ঘটনার ঝুঁকি দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ সকাল ৭টার আগে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়েছে।