বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র-এ পানির স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন আরও হ্রাস পেয়েছে। বর্তমানে কেন্দ্রটির পাঁচটি ইউনিটের মধ্যে মাত্র একটি ইউনিট চালু রয়েছে। ওই ইউনিট থেকে উৎপাদন হচ্ছে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ, যেখানে পাঁচটি ইউনিট চালু থাকলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট।
বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, শুষ্ক মৌসুমের কারণে কাপ্তাই হ্রদ-এর পানির স্তর ক্রমাগত কমে যাচ্ছে। বুধবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের ২ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। রুলকার্ভ অনুযায়ী হ্রদের পানির স্তর ৮৩.৮০ এমএসএল থাকার কথা থাকলেও এ সময় তা নেমে এসেছে ৭৭.৪৭ এমএসএল-এ।
কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, গত কয়েক সপ্তাহ ধরে দুইটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও পানির স্তর দ্রুত হ্রাস পাওয়ায় মঙ্গলবার থেকে মাত্র একটি ইউনিট চালু রাখা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত এই পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই।