মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
২০১৬ সালে লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন। কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে পেনাল্টি মিস করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক, তখন ভেঙে পড়েছিলেন তিনি।
সেই সময় মেসির কণ্ঠে ছিল হতাশা—‘আমার জন্য জাতীয় দল শেষ। আমি যতটা পারি করেছি। চ্যাম্পিয়ন না হতে পারাটা কষ্টের।’
কিন্তু সময়ের ঘূর্ণিতে বদলে গেছে সবকিছু। সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসে এখন প্রায় ১০ বছর পর, ৩৯তম জন্মদিনের ঠিক আগমুহূর্তে, তিনি শুধু আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন দলের অংশই নন—বরং বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও।
এই প্রত্যাবর্তনই মেসি ও আর্জেন্টিনার জন্য এনে দিয়েছে এক স্বর্ণালি অধ্যায়। টানা দুইটি কোপা আমেরিকা জয়ের পর ২০২২ সালে তার নেতৃত্বে আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপও—১৯৮৬ সালের পর প্রথমবার।
অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে আবারও জ্বলে ওঠেন মেসি। ম্যাচে পেনাল্টি মিস করেও দুই গোল করে ভরিয়ে দেন রেকর্ড বই। প্রথমার্ধে ১৭তম বিশ্বকাপ গোল করে তিনি ছাড়িয়ে যান জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে। আর যোগ করা সময়ের আরেক গোল তাকে নিয়ে যায় ১৮ গোলের মাইলফলকে।
স্প্যানিশ সাংবাদিক গিলেম বালাগে বলেন, ‘মেসির জন্য আলাদা করে মূর্তি বানানো বা বিশ্লেষণ করার সময়ও নেই। আমরা তার গতির সঙ্গে তাল মেলাতে পারি না।’
এই ম্যাচে ১৮টি বিশ্বকাপ ম্যাচে জয়ের রেকর্ডও গড়েন মেসি। তার গোলসংখ্যার ১২টিই এসেছে ৩৫ বছর বয়সের পর—যা ফুটবল ইতিহাসে বিরল।
ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ড্যানি মারফি বলেন, ‘তার ফুটবল বুদ্ধিমত্তা অসাধারণ। সে জায়গা খুঁজে নেয়, সময় বুঝে নেয়—এটাই তাকে সবার থেকে আলাদা করে।’
তবে সব আলোচনার মাঝেও একটি প্রশ্ন থেকে যায়—আর্জেন্টিনা কি অতিরিক্তভাবে মেসির ওপর নির্ভরশীল?
ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ক্রিস সাটন বলেন, ‘সে শুধু গোলই না, পুরো দলকে গুছিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো—দল কি অন্যদের ওপরও নির্ভর করতে পারছে?’
ম্যাচে পেনাল্টি মিস করে শুরুটা ভালো না হলেও, শেষ পর্যন্ত দুই গোলেই নিজেকে প্রমাণ করেন মেসি। নিজের ভুলের কথা স্বীকার করে তিনি বলেন, ‘পেনাল্টি মিস করায় আমি খুবই রেগে গিয়েছিলাম। তবে আমরা ম্যাচে ফিরে আসতে পেরেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তবে রেকর্ডের তালিকা এখানেই শেষ নয়। বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড ভাঙার দৌড়েও আছেন মেসি। সামনে জর্ডানের বিপক্ষে ম্যাচ—আরও এক ইতিহাসের অপেক্ষায় আর্জেন্টাইন মহাতারকা।